রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের জন্য স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ২৫টি নির্ধারিত স্পটে এই পণ্যগুলো বিক্রি করা হবে বলে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, রমজানজুড়ে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্থানে বিক্রয় কার্যক্রম চলবে। ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে প্রতি ডজন ডিম ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে। এ উদ্যোগের ফলে খোলা বাজারেও দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
রমজানে কিছু অসাধু ব্যবসায়ীর মূল্যবৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষের ভোগান্তি বাড়ে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের এ উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।












