নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী
ভারতের তেলেঙ্গানা রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে হেরে গেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থী। অভিযোগ উঠেছে, নির্বাচনে হারার পর তিনি এবং তার পরিবার ভোটারদের কাছে টাকা ফেরত চাইতে বাড়ি বাড়ি ঘুরছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিজিপি প্রার্থীর স্ত্রী রূপা তিরুপতি একের পর এক ভোটারদের বাড়িতে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে নির্বাচনের জন্য দেওয়া টাকা ফেরত নিচ্ছেন।
তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে নির্বাচিত হওয়া বিজেপি প্রার্থী জাদি তিরুপতি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই সব ভোটারদের কাছে যাচ্ছেন, যারা তাদেরকে টাকার বিনিময়ে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ভিডিওতে দেখা যায়, রূপা তিরুপতি ভোটারদের কাছ থেকে ঈশ্বরের নামে শপথ করতে বলছেন, তারা আসলেই তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। অভিযোগ রয়েছে, যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। কারণ, ভোটারদের টাকার বিনিময়ে প্রলোভন দেখানো নির্বাচনি বিধি এবং গণতান্ত্রিক নীতির পরিপন্থি। তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে এই ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং নির্বাচনি স্বচ্ছতার ওপর গুরুতর প্রশ্ন তুলেছে।
সরকার এবং নির্বাচন কমিশন ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও, এই ধরনের ঘটনা ভারতের নির্বাচনী ব্যবস্থায় অর্থের বিনিময়ে ভোট কেনার পুরনো সমস্যা নতুন করে সামনে এনেছে।












