মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়া প্রবেশ আজীবন নিষেধাজ্ঞা, বাংলাদেশিসহ ফেরত ১৮৪ অভিবাসী 

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম
মালয়েশিয়া প্রবেশ আজীবন নিষেধাজ্ঞা, বাংলাদেশিসহ ফেরত ১৮৪ অভিবাসী 

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জোহর বাহরুর পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৮৪ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনভঙ্গের দায়ে সাজাভোগ শেষে তাদের এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।  ফেরত পাঠানো বন্দিদের মধ্যে রয়েছেন  ইন্দোনেশিয়ার ৮২ জন, বাংলাদেশের ৫৯ জন, ফিলিপাইনের ১৫ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের ৮ জন, কম্বোডিয়ার ৪ জন, শ্রীলঙ্কার ২ জন এবং সুদান, ভারত, নিউজিল্যান্ড ও ভিয়েতনামের একজন করে নাগরিক।

তাদেরকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ ১ ও ২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়। প্রত্যাবাসিত সকল বন্দির কাছে বৈধ পাসপোর্ট ছিল। যাদের প্রয়োজন হয়েছে, তাদের নিজ নিজ দূতাবাসের মাধ্যমে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, এসব বন্দি নির্যাতন আইন (অ্যাক্ট ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫), ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩সহ বিভিন্ন আইনে দণ্ড ভোগের পর দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত প্রত্যেককে ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।
ডিপোর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের প্রত্যাবাসন সংক্রান্ত সব কার্যক্রম যেমন টিকিট ক্রয়সহ প্রয়োজনীয় প্রক্রিয়া পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোর সার্ভিস কাউন্টারে সম্পন্ন করা যায় এবং এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ প্রযোজ্য নয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ বিষয়ে আরও তথ্যের জন্য ডিআইপিএন রেকর্ডস অ্যান্ড ট্রান্সফার ইউনিটে ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ অথবা অনলাইন অনুসন্ধান পদ্ধতির (এসপিও) মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।মালয়েশিয়ায় আইনশৃঙ্খলা ও সীমান্ত সুরক্ষা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনায় এক গাড়িচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের পাশে নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক চালক। বেলা ১টা থেকে ২টার মধ্যে দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির দরজা খুলতে গেলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িচালক গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

অন্য একটি সূত্র জানায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজ দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের বিশেষজ্ঞরা এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় মোট ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা ও তাৎক্ষণিক ভিডিও ধারণের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি দৃশ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, কাভার্ড ভ্যানেও অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম
কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, কাভার্ড ভ্যানেও অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানেও আগুন লেগেছে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (০৯ নভেম্বর) ভোর ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার সূত্রাপুর, চন্দ্রা ও হাজীবাড়ি এলাকায় এসব অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় শীলা বৃষ্টি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বাসটির মালিক ময়মনসিংহ সদরের সজল মিয়া বলে জানা গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কাজলী সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের বাসটির মালিকও সজল মিয়া।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাসিন্দা জামাল মিয়া জানান, বাসটি দীর্ঘদিন ধরে ওই স্থানে দাঁড়িয়ে ছিল।

অন্যদিকে, রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার চন্দ্রা হাজীবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-১১-৮৭৪৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটিতে আগুন লাগার ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চন্দ্রা ও সূত্রাপুর এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে একই ব্যক্তির দুটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ এবং পৃথক স্থানে কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক