ভারতে পাচারের ২৫ বছর পর গ্রামে ফিরলেন রেজাউল
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাদিয়ারছড়া গ্রামের মো. রেজাউল ইসলাম দীর্ঘ ২৫ বছর নিখোঁজ থাকার পর অবশেষে নিজ গ্রামে ফিরে এসেছেন। আড়াই দশক পর বাড়ির মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গ্রামের বাড়িতে ফিরে আসার সময় পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও উৎসুক জনতা তাকে একনজর দেখার জন্য ভিড় করেন। দীর্ঘদিন হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আনন্দ ও আবেগে পুরো গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরিবারের বরাতে জানা যায়, রেজাউল ২০০১ সালে হঠাৎ নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবার প্রায় আশা ছেড়েছিলেন। অবশেষে তার প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে পরিবারের জীবনে।
রেজাউল জানিয়েছেন, তাকে ফুসলিয়ে ভারতে পাচার করা হয়েছিল। সেখানে দুর্গম এলাকার একটি গরুর খামারে বন্দি রাখা হয়। খামারে তাকে অমানবিক পরিশ্রম করানো হলেও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি, শুধুমাত্র তিন বেলা খাবার দেওয়া হতো। পালানোর সুযোগ না দিতে কঠোর পাহারায় রাখা হতো তাকে। কার্যত দাসের মতো জীবন কাটাতে বাধ্য হন তিনি।
সম্প্রতি সুযোগ বুঝে খামার থেকে পালিয়ে সীমান্তে পৌঁছান রেজাউল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর সদস্যদের কাছে নিজের করুণ কাহিনি তুলে দিয়ে দেশে ফেরার আকুতি জানান। প্রথমে পাসপোর্ট-ভিসার সমস্যার কারণে আইনি জটিলতা সৃষ্টি হলেও বিএসএফ সদস্যরা মানবিক আচরণ করে তাকে বাংলাদেশে ফিরিয়ে দেন।
মানবাধিকারকর্মীরা সীমান্তপথে মানবপাচার রোধে কঠোর নজরদারি ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও রেজাউলের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।













