পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬
পর্তুগালে মধ্যপন্থার বিজয়, সেগুরো রাষ্ট্রপতি
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল ৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনে মধ্যবাম ঘরানার প্রার্থী অ্যান্টোনিও জোযে সেগুরো বিপুল ভোটে জয়লাভ করে দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সমাজতান্ত্রিক দল (সোশ্যালিস্ট পার্টি) সমর্থিত অ্যান্টোনিও জোযে সেগুরো মোট ৩৪ লাখ ৮২ হাজার ৪৮১ ভোট, অর্থাৎ প্রায় ৬৬ দশমিক ৮২ শতাংশ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী দল ‘সেগা’-র নেতা আন্দ্রে ভেনতুরা পেয়েছেন ১৭ লাখ ২৯ হাজার ৩৭১ ভোট, যা মোট ভোটের প্রায় ৩৩ দশমিক ১৮ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দ্বিতীয় ধাপের নির্বাচন আয়োজন করা হয়।
নির্বাচিত রাষ্ট্রপতি অ্যান্টোনিও জোযে সেগুরো আগামী ৯ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। শপথের মধ্য দিয়ে তিনি পর্তুগালের রাষ্ট্রপতি হিসেবে তার পাঁচ বছর মেয়াদি দায়িত্বকাল (২০২৬–২০৩১) শুরু করবেন। পর্তুগালের সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন।
পর্তুগালের রাষ্ট্রপতি পদটি মূলত সাংবিধানিক ও প্রতিনিধিত্বমূলক হলেও এই পদে থাকা ব্যক্তির হাতে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা রয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ ভেঙে দেওয়া, আগাম নির্বাচন আহ্বান, নির্দিষ্ট ক্ষেত্রে আইনে ভেটো প্রদান এবং রাজনৈতিক সংকটকালে মধ্যস্থতামূলক ভূমিকা পালন।
নির্বাচনোত্তর প্রতিক্রিয়ায় সেগুরো বলেছেন, তিনি জাতীয় ঐক্য, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল পর্তুগালে চরমপন্থার বিপরীতে মধ্যপন্থা ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন।













