শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কফিন ঢাকায় আনা হবে। সূচি অনুযায়ী, সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিদের অংশগ্রহণে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় দ্য আঙ্গুলিয়া মসজিদে শরীফ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ দেশে পৌঁছানোর পর শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউতে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান শরীফ ওসমান হাদি। এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে।
আহত অবস্থায় প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তার মৃত্যুতে সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।












