রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ ডিসেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করার শেষ সময় ২০২৭ সালের ৭ জানুয়ারি। আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একই প্রশ্নপত্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা রুয়েটের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ruet.ac.bd/-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়টির ১২০০-এর বেশি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী।
ভর্তিচ্ছুদের সুবিধার কথা বিবেচনা করে এবার রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদনের পদ্ধতি, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস এবং ফল প্রকাশের তারিখ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে জানানো হবে।
ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’—উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের জন্য মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।
অন্যদিকে, ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় থাকবে মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি যাচাইয়ের পরীক্ষা।












