বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের খুলনা ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের ভৈরব ব্রিজ এলাকা এবং মঙ্গলবার রাতে প্রেমবাগ উড়োতলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বুধবার যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক গুরুতর আহত হন।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের আব্দুল সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব এবং বুইকারা গ্রামের আব্দুল্লাহ আল আপন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে ভৈরব ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পরিবহনের ধাক্কায় ভ্যানযাত্রী সমাদ ও ওহাব নিহত হন। এর আগে মঙ্গলবার রাতে প্রেমবাগ এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন মারা যান এবং তাঁর সঙ্গে থাকা হোসেন আলী গুরুতর আহত হন।

এদিকে বুধবার গাজীরদরগাহ এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মুরগির খাদ্যবাহী ট্রাকের সংঘর্ষে চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরও সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি মো. সাইফুল ইসলাম আরও জানান, সড়ক দুর্ঘটনার ঘটনাগুলোতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।

 

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।

 

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন মজুরি বাস্তবায়নের সময়সীমা নিয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

 

তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

আজ বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের প্রথম সভা হয়।

 

বোর্ডের বাকি সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।

 

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ৪টির সিদ্ধান্ত স্থগিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ৪টির সিদ্ধান্ত স্থগিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ৪টি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলো আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক ও ফুটপাত উন্নয়ন, প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট এবং মেট্রো ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প। এসব প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অন্যদিকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনা, তিতাস গ্যাসক্ষেত্রে দুটি উন্নয়ন গ্যাসকূপ খনন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, ৫টি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন এবং বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খাল পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্প।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের কয়েকটি প্রকল্প অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দেওয়ায় সেগুলো একনেক বৈঠকে অবহিত করা হয়।

 

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

 

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীমনি এলার্জিজনিত সমস্যার কারণে আজ আদালতে উপস্থিত হতে পারেনি। এজন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করেছিলেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, এদিন এই মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক