ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট এবং একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন।
শনিবার শহরের বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘন জঙ্গল ও পাহাড়ঘেরা এই পার্কটি রিও ডি জেনেইরোর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
দুর্ঘটনার পর শহরের মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন। নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত শহরে এ ধরনের ফ্লাইট এক থেকে দুই সপ্তাহ বন্ধ রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান কাভালিয়েরে। তিনি বলেন, দুর্ঘটনার পর ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। শহরে চলাচলকারী হেলিকপ্টারগুলোর ওপর অবিলম্বে নজরদারি বাড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
রিও ডি জেনেইরোয় নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ জানান, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। পরিবারের একজন সদস্যের জন্মদিন উদযাপন করতে তারা রিওতে এসেছিলেন।
পরিবারটির মোট ছয় সদস্য দুই দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ওঠেন। হেলিকপ্টারটিতে একসঙ্গে তিনজনের বেশি যাত্রী নেওয়ার সুযোগ না থাকায় তাদের আলাদা করে নেওয়া হচ্ছিল।
দুর্ঘটনায় নিহত তিন নারী ওই পরিবারের এক তরুণীর দাদি, খালা ও কাজিন বলে জানিয়েছেন কলম্বিয়ার কনসাল জেনারেল।









