কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর মামলায় শাশুড়ি গ্রেপ্তার
কলাগাছ নিয়ে পারিবারিক বিরোধের জেরে মাগুরার শ্রীপুরে শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন আতাউর রহমান, শ্রীপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা। এর আগে সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের পুত্রবধূ লিমা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে রাশিদা বেগম নামে এক নারী মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম দাবি করেন, অতিরিক্ত বৃষ্টিতে বাড়ির পাশে থাকা কলাগাছ হেলে পড়লে তিনি গাছগুলো সোজা করতে পাতা কেটে দেন। এ ঘটনা কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তিনি অভিযোগ করেন, মারধরের সময় তার চুল টেনে উপড়ে ফেলা হয় এবং অসুস্থ থাকা সত্ত্বেও নির্যাতনের শিকার হন।
পুলিশ জানিয়েছে, দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই একটি ছোট পারিবারিক বিষয় থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন।








