১৯ বছর পর পিতার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা–আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার একদিন পরই এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। বাবার কবর জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া এই সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানিয়েছেন, তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় প্রস্তুতির কাজ আগেই সম্পন্ন করা হয়েছে।
এদিকে তারেক রহমানের কর্মসূচিকে ঘিরে সাভার ও শেরেবাংলা নগর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে জড়ো হতে শুরু করেছেন। অনেকেই দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত হন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, কর্মসূচি নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বাবার কবর জিয়ারত করেছিলেন। প্রায় ১৯ বছর পর আজ আবার তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারেক রহমানের গাড়িবহর জিয়া উদ্যানের দিকে অগ্রসর হচ্ছিল।













