খুলনার এনসিপি নেতা নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন, মিলল চাঞ্চল্যকর তথ্য
খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। একই সঙ্গে চিকিৎসকদের বরাতে পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ মোতালেব শিকদার বর্তমানে শঙ্কামুক্ত।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলির ঘটনাটি ঘটে। শুরুতে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে রাস্তায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়—এমন তথ্য জানানো হলেও পরে তদন্তে ভিন্ন তথ্য পাওয়া যায়।
কেএমপি মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতালেব শিকদার সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ রোডের ‘মুক্তা হাউজ–১০৯’ নামের একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন। এটি তার নারীসঙ্গী তন্বীর ভাড়া বাসা। পুলিশ জানায়, ঘটনার পর রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছিল, তা সঠিক নয়।
পুলিশের দাবি, মোতালেব শিকদার গত দুই মাস ধরে ওই বাসায় তন্বীর সঙ্গে বসবাস করছিলেন। তল্লাশি চালিয়ে বাসা থেকে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, একটি পিস্তলের গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার আগের রাতে দুই ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন। অনুসন্ধানে জানা গেছে, মোতালেব শিকদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। চাঁদার অর্থ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
কেএমপির উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মূল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে।”
এদিকে চিকিৎসকদের বরাতে পুলিশ জানায়, গুলিবিদ্ধ মোতালেব শিকদার বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি এখন আশঙ্কামুক্ত।
বাসাটির মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তন্বী নামের এক তরুণী স্বামী–স্ত্রী পরিচয়ে এক মাস আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। পরে তার অসামাজিক কার্যকলাপের তথ্য জানার পর বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের মেয়াদ শেষ হওয়ার আগেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।













