চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে বিক্ষোভ ও ভাঙচুর, আটক ১২
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিন থেকে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় এক পুলিশ সদস্য ও এক শিক্ষার্থী আহত হন। আহত দুজনকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের এলাকায় অবস্থান করছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ঘটনার সময় ভারতীয় সহকারী হাই কমিশনার নিজ বাসভবনে অবস্থান করছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে টিয়ারশেল ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে।
পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রাখা হয়েছে।











