রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ড সভায় বসে বিসিবির পরিচালনা পর্ষদ। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের বিষয়টি জানান বিসিবি সভাপতি ও তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সে কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। প্রায় দুই দশকের বেশি সময় পর একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

দেশের হয়ে ২৭৪টি ওয়ানডে খেলা মুশফিক ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে ২০২২ সালে তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

 

গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম
গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬

ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির আকাশসীমার দিকে অগ্রসর হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছুড়ে পিছু হটতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক আইন লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা ও আকাশপথ থেকে নিরাপত্তা দেওয়ার মিশনে থাকা অবস্থায় মার্কিন যুদ্ধবিমানটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের হেনগাম দ্বীপের কাছে দেশটির আকাশসীমার কাছাকাছি চলে আসে। এ সময় আইআরজিসি পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে বিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর দ্রুত গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে সরে যায় মার্কিন যুদ্ধবিমানটি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিমালা এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে আইআরজিসি। এমন লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। ভবিষ্যতে আবারও মার্কিন যুদ্ধবিমান দিয়ে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করা হলে কঠোর আকাশ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে এবং সে ক্ষেত্রে বিমানগুলোর পরিণতি আগে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে।

 

৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম
৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত এবং তাঁদের অনেকেই দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়টি জানেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার ঘোষণা দিয়েছে সরকার।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে এ রোগ শনাক্তকরণে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ড. এম এ মুহিত বলেন, সারা দেশে কিডনি সেবা ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে। কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—এই তিনটি রোগের সব ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।

স্পেনে যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
স্পেনে যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৪ অভিবাসনপ্রত্যাশী। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল। এ ঘটনায় আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। দ্বীপটির দক্ষিণ উপকূল থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে নৌযানটির সন্ধান পান উদ্ধারকর্মীরা। পরে সেটিকে টেনে লা এস্তাকা বন্দরে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন গুরুতর অসুস্থ ছিলেন। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। বিভিন্ন প্রতিবেদনে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ৮৪ বলে উল্লেখ করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রাথমিক তথ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের পরবর্তী প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৫ বলে জানানো হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিকভাবে জানা গেছে, নৌকাটির যাত্রীরা পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেছিলেন। সমুদ্রপথে তাদের প্রায় ১০ দিন কাটে। এ সময় নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে গেলে প্রায় তিন দিন সেটি সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় খাবার ও পানির অভাবে উদ্ধার হওয়া অনেকের শরীরে পানিশূন্যতা ও দুর্বলতা দেখা দেয়।

উদ্ধার অভিযানে সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা, কোস্টগার্ড, পুলিশ ও চিকিৎসাকর্মীরা অংশ নেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের এল হিয়েরোর লা রেস্তিঙ্গা বন্দরের অভিবাসী অভ্যর্থনা ও জরুরি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট হিসেবে পরিচিত। উন্নত জীবন, কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। তবে দীর্ঘ সমুদ্রযাত্রা, উত্তাল ঢেউ, প্রবল স্রোত, নৌযানের যান্ত্রিক ত্রুটি এবং খাবার-পানির সংকটে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। অনেক নৌযান যাত্রাপথে নিখোঁজও হয়ে যায়।

এদিকে গত অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৫ নভেম্বর মাত্র ২৪ ঘণ্টায় দ্বীপপুঞ্জটিতে পৌঁছান ২ হাজার ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এক দিনে এত মানুষের আগমন নতুন রেকর্ড।

আগতদের বড় একটি অংশ এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন। প্রায় ১১ হাজার ৪০০ জনসংখ্যার ছোট এই দ্বীপে বিপুলসংখ্যক মানুষের আগমনে স্থানীয় উদ্ধার ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের শেষ নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত দুই মাসেই এসেছেন প্রায় ২১ হাজার মানুষ।

অভিবাসন পরিস্থিতি নিয়ে স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনা চলছে। আগামী রোববার (২৯ নভেম্বর) দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রচারণায় অভিবাসন নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অর্থনীতি ও শ্রমবাজারের জন্য অভিবাসনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে দেশটির ডানপন্থি রাজনৈতিক দলগুলো অভিবাসন নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছে।

ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো এ পরিস্থিতি মোকাবিলায় স্পেন সরকার ও ইউরোপীয় ইউনিয়নের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক এ প্রাণহানির ঘটনা ইউরোপের অভিবাসন সংকট এবং নিরাপদ অভিবাসনপথ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক