বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ ডিসেম্বর

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ ডিসেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করার শেষ সময় ২০২৭ সালের ৭ জানুয়ারি। আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একই প্রশ্নপত্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা রুয়েটের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ruet.ac.bd/-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়টির ১২০০-এর বেশি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী।

ভর্তিচ্ছুদের সুবিধার কথা বিবেচনা করে এবার রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদনের পদ্ধতি, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস এবং ফল প্রকাশের তারিখ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে জানানো হবে।

ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’—উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের জন্য মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

অন্যদিকে, ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় থাকবে মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি যাচাইয়ের পরীক্ষা।

 

২৩ দিনে ৯৯ যানবাহনে আগুন, ১২১ ককটেল বিস্ফোরণ: পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
২৩ দিনে ৯৯ যানবাহনে আগুন, ১২১ ককটেল বিস্ফোরণ: পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গত ২৩ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। একই সময়ে পুলিশের স্থাপনাসহ বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার ২১৩টি ঘটনার তথ্য পেয়েছে পুলিশ। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দেশজুড়ে এসব নাশকতার ঘটনায় ৬২টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে।

একই সময়ে রাজধানী ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ৭২টি ঝটিকা মিছিল করেছেন। এসব ঘটনায় ২২টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা লকডাউনসহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোকে অন্যতম লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও এসব কর্মসূচির লক্ষ্য ছিল।

পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, সিআইডির প্রধান কার্যালয়, পল্লবী থানা ও টুঙ্গিপাড়া থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব হামলায় পুলিশের ২১ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৩ দিনে এ ধরনের ৩৪টি ঘটনার তথ্য প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হননি। গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা ও নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় আটটি মামলা এবং ১৯টি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুরে খামারের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল শাওনের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম
চাঁদপুরে খামারের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল শাওনের

চাঁদপুরের হাজীগঞ্জে মুরগির খামারের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন পাটওয়ারী বাড়ির একটি মুরগির খামার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাওন বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় মাতৈন পাটওয়ারী বাড়ির রাসেল নামের এক ব্যক্তির মুরগির খামারের বিদ্যুতের ক্যাবল কেটে চুরির চেষ্টা করেন শাওন। এ সময় কাঁচি দিয়ে বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বুধবার সকালে খামারের মালিক রাসেল সেখানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় শাওনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ফেনীতে ওসি ও যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম
ফেনীতে ওসি ও যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই নারী নেত্রীকে ওসির বাসায় যেতে বলা, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেফতারের পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথোপকথন শোনা যায়।

ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে ওই নারী নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলে অডিওতে শোনা যায়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ফোনালাপের অন্য অংশে ওই নারী নেত্রী তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা, কারাবাস, জামিনের জন্য দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরেন। এ ছাড়া তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে ওসি তাঁকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর ঊর্ধ্বে উঠে চিন্তা করে যোগাযোগ রাখার পরামর্শ দেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানাতে ওসি বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেফতার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্ত হওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব অভিযোগের প্রতিকারও দাবি করেন তিনি।

তবে তাসকিরার অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠস্বর এবং কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক