বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাসে আগুন, মারধরের পর পুলিশ হেফাজতে চালক-হেলপার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৭ এম
মিরপুরে বাসে আগুন, মারধরের পর পুলিশ হেফাজতে চালক-হেলপার

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি আরও জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

 

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:১৩ পিএম
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে হাসপাতালগুলো অব্যবহৃত অবস্থায় ছিল।

হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালকের ৫টি, সহকারী পরিচালকের ৫টি, সিনিয়র কনসালটেন্টের ১০০টি, জুনিয়র কনসালটেন্টের ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এ ছাড়া আবাসিক সার্জনের ১৫টি, আবাসিক মেডিকেল অফিসারের ৫টি, মেডিকেল অফিসারের ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জনের ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের ২০টি পদ রাখা হয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে অবকাঠামো সম্প্রসারণের সুবিধা রাখা হচ্ছে। পাশাপাশি হাসপাতালগুলোতে বড় পরিসরের আইসিইউ ইউনিট থাকবে। শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেই নির্মাণ করা হয়েছে হাসপাতালগুলোর অবকাঠামো। এসব প্রতিষ্ঠানের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপর থেকেই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার করা হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী একযোগে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, বহনযোগ্য এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

 

যুদ্ধ শেষ হলেও রাশিয়ার জ্বালানি কিনবে না ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
যুদ্ধ শেষ হলেও রাশিয়ার জ্বালানি কিনবে না ইউরোপীয় ইউনিয়ন

ইউক্রেন যুদ্ধের অবসান হলেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি পুনরায় শুরু করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও ওয়াশিংটনের শান্তি আলোচনা যে পর্যায়েই পৌঁছাক, রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্তে অটল থাকবে ইউরোপ। এ অবস্থানের কথা জানিয়েছেন ইইউর জ্বালানিবিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন।

ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করলে রাশিয়া থেকে আর এক অণু পরিমাণ জ্বালানিও আমদানি করব না। আমরা রাশিয়াকে বিশ্বাস করি না।’

জর্গেনসেনের বক্তব্যে রাশিয়ার জ্বালানি আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভিন্ন অবস্থান উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মস্কোর সঙ্গে আলোচনার সুযোগ খোলা রেখেছে। এমনকি দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হলে বিশ্ব জ্বালানি বাজারে রাশিয়ার পুনরায় প্রবেশের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ভিন্ন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, যুদ্ধ বন্ধ হলেও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতায় আর ফিরবে না ইউরোপ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জর্গেনসেনের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যেকোনো ধরনের চুক্তি হলেও তা ইউরোপীয় ইউনিয়নের আইন পরিবর্তন করতে পারবে না। ইউরোপীয় কমিশন, পার্লামেন্ট ও কাউন্সিল মিলে জোটটির আইন প্রণয়ন করে। তাই জ্বালানি আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও ইউরোপের নিজস্ব।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে দেশটি থেকে গ্যাস আমদানি স্থায়ীভাবে বন্ধ করার আইন করেছে ইউরোপীয় ইউনিয়ন। জর্গেনসেনের মতে, নিষেধাজ্ঞার তুলনায় এই আইন বেশি কার্যকর। কারণ, নিষেধাজ্ঞা প্রতি ছয় মাস পরপর নবায়ন করতে হয়। যুদ্ধ শেষ হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু গ্যাস আমদানি বন্ধের আইন বহাল থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, একসময় জোটটির মোট গ্যাসের চাহিদার ৪৫ শতাংশ রাশিয়া থেকে পূরণ করা হতো। বর্তমানে সেই নির্ভরতা কমে প্রায় ১০ শতাংশে দাঁড়িয়েছে। আগামী বছর রাশিয়া থেকে গ্যাস আমদানি সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

 

ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।

এ ছাড়া বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করছেন তাঁরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক