রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।