বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা রুহুল আমিন আটক
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।
মাওলানা মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন সরকারের সময়ে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি ব্যাপক সমালোচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্ষের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে তিনি বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন। এ সময় খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারী, সাধারণ মুসল্লি ও অপর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার দুদিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে খতিব পদ থেকে অপসারণ করা হয়েছিল।










