সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়
কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেবেন আবদুল এল-সাইয়েদ
মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথের সময় কোন কোরআনের কপি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে সম্ভাব্য দুটি কোরআনের কপির কথা উল্লেখ করেন এল-সাইয়েদ। এর একটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম ও প্রাচীনতম কোরআনের কপি।
শপথের বিষয়ে এল-সাইয়েদ বলেন, আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব উল্লেখ করে এল-সাইয়েদ বলেন, তবে কোন কোরআনটি, তা আমরা এখনও নিশ্চিত নই।
তিনি জানান, টমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআনের কপিটি আগে কংগ্রেস সদস্য কিথ এলিসন শপথ নেওয়ার সময় ব্যবহার করেছিলেন। এ ছাড়া মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম কোরআনের কপিটিও তাঁর পছন্দের তালিকায় রয়েছে। সেটি বেশ পুরোনো হওয়ায় শপথের জন্য বিবেচনা করছেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনটি বেছে নেবেন, তা এখনো ঠিক হয়নি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মার্কিন সিনেটে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।







