সৌদিতে রাফায়েল যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম পাঠাল মিসর
সৌদি আরবের প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে রাজনৈতিক সমর্থন জানানোর আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান, নৌজাহাজ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিসর। আঞ্চলিক উত্তেজনা এবং লোহিত সাগর অঞ্চলে হুতিদের হামলার আশঙ্কার প্রেক্ষাপটে কায়রো এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে। মিডল ইস্ট আইয়ের প্রকাশিত প্রতিবেদনে মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে পাঠানো মিসরের সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। পাশাপাশি মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে। এছাড়া সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণেও সৌদি আকাশসীমায় মিসরের সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবের ওপর হামলার পর থেকেই সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল এবং কায়রো এখন তা আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে। গত ১৭ অক্টোবর সৌদি আরবের অনুরোধে দেশটির প্রতিরক্ষায় সেনা পাঠানোর প্রস্তাব দেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, যা পরে গত ২৬ অক্টোবর সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদিত হয়। এদিকে সৌদি আরব মিসরের কেন্দ্রীয় ব্যাংকে থাকা ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হওয়ায় দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই সামরিক সহযোগিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগে গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছিল, যার পর থেকেই আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষায় বিভিন্ন দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হচ্ছে।







