গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের আন্দোলনের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আমবাগান এলাকায় জড়ো হন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের আন্দোলনের প্রভাবে কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫ থেকে ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে যান। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত কার্যকর করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










