শ্রমিকদের বেতন বাড়াতে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক
দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে সরকারি নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (০৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে নতুন করে আরও দুজন প্রতিনিধিকে মজুরি বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। পাশাপাশি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, সে বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ পৃথকভাবে লিখিত প্রস্তাব জমা দেওয়ার বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের বিভিন্ন পর্যায়ে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য গ্রহণযোগ্য নিম্নতম মজুরির সুপারিশ প্রণয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এর আগে রোববার (০৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে দ্বিতীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। সভার নির্ধারিত আলোচ্যসূচিতে মালিক ও শ্রমিকপক্ষের পৃথক প্রস্তাব জমা দেওয়ার পাশাপাশি সার্বিক মজুরি সুপারিশ তৈরির রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে পোশাকশ্রমিকদের ধারাবাহিক আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের একটি বিশেষ নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি ও বাজারদর বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও সম্মানজনক নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যেই বোর্ডের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজকের সভায় মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার পর নতুন বেতন কাঠামোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ আরও স্পষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।










