মিশরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কন্ডাক্টরসহ নিহত ৭
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১২ জন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুর্ঘটনাকবলিত দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন। রোববার দেশটির গিজা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় রোববার এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় ট্রেন দুটি সংঘর্ষে জড়ায়। এর মধ্যে একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় সেটির পেছনের অংশে অপর একটি ট্রেনের ধাক্কা লাগে। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশের উদ্দেশে যাত্রা করেছিল।
রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, কায়রো-আসওয়ান ও গিজা-ফায়ুম রুটের ট্রেন দুটি একই রেললাইনে একই দিকে চলছিল। একপর্যায়ে কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে সহায়তা করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, দুটি ট্রেনের সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠান।
আইমান জামাল আরও বলেন, নিজের চোখে প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে কাছের হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন তিনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বগির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের বের করে আনার সময় কয়েকজনকে মৃত অবস্থায় পান।
এদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ভারী ক্রেন পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শেষ করা এবং রেলপথে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।













