বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রো স্টেশন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম
মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রো স্টেশন

রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় সংঘর্ষ শুরু হয়।

গত কয়েক দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়কে অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। পুলিশ তাঁদের বাধা দিলে শ্রমিকেরা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সংঘর্ষের কারণে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন শেখ।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সংঘর্ষের কারণে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ নম্বর স্টেশন বন্ধ রয়েছে। এই স্টেশনে ট্রেন থামছে না। বাকি স্টেশনগুলো খোলা আছে।’

উল্লেখ্য, শনিবার ও রোববার মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। রোববার মিরপুর-১০ নম্বর এলাকায় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

সোমবারও মিরপুরের বিভিন্ন পয়েন্ট দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। তবে পুলিশ তাঁদের বাধা দেয়। কয়েকটি স্থানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।

 

ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।

 

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।

 

পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন মজুরি বাস্তবায়নের সময়সীমা নিয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

 

তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

আজ বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের প্রথম সভা হয়।

 

বোর্ডের বাকি সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।

 

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ৪টির সিদ্ধান্ত স্থগিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ৪টির সিদ্ধান্ত স্থগিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ৪টি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলো আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক ও ফুটপাত উন্নয়ন, প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট এবং মেট্রো ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প। এসব প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অন্যদিকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনা, তিতাস গ্যাসক্ষেত্রে দুটি উন্নয়ন গ্যাসকূপ খনন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, ৫টি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন এবং বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খাল পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্প।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের কয়েকটি প্রকল্প অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দেওয়ায় সেগুলো একনেক বৈঠকে অবহিত করা হয়।

 

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

 

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীমনি এলার্জিজনিত সমস্যার কারণে আজ আদালতে উপস্থিত হতে পারেনি। এজন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করেছিলেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁর মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, এদিন এই মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক