আজ জাতিসংঘ দিবস, ৮২তম বছরে পদার্পণ
আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ব সংস্থাটি। প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ করে ৮২তম বছরে প্রবেশ করেছে জাতিসংঘ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠিত হয়। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং মানবাধিকার রক্ষা করাও সংস্থাটির অন্যতম প্রধান উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। সংস্থাটির নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্র ১৯৩টি। সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন মহাসচিব। বর্তমানে এ পদে রয়েছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।
স্বাধীনতার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ।
সদস্যপদ লাভের পর থেকে বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে দেশটি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান রয়েছে।










