শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রক্তাক্ত হয়েও ১৭৪ যাত্রীর জীবন বাঁচালেন পাইলট স্মিথ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১৪ পিএম
রক্তাক্ত হয়েও ১৭৪ যাত্রীর জীবন বাঁচালেন পাইলট স্মিথ

ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মছার মাঝ আকাশে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করিয়ে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করেছেন। ভয়াবহ এ ঘটনার পর তিনি প্রশংসিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকেও।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি। এতে ১৭৪ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি ওমানের আকাশসীমায় থাকা অবস্থায় ককপিটে স্মিথকে তাঁরই এক সহকারী পাইলট ছুরিকাঘাত করেন। সন্দেহ করা হচ্ছে, যাত্রীবোঝাই উড়োজাহাজটি বিধ্বস্ত করাই ছিল হামলাকারীর উদ্দেশ্য।

হামলার পর রক্তাক্ত অবস্থায়ও পরিস্থিতি সামাল দেন ক্যাপ্টেন স্মিথ। তিনি উড়োজাহাজটির গতিপথ সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেন। পরে সৌদি আরবের তাবুক শহরের বিমানবন্দরে উড়োজাহাজটির জরুরি অবতরণ করানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্মিথের পেশাগত বিবরণী অনুযায়ী, বাণিজ্যিক উড়োজাহাজ চালানোর ক্ষেত্রে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি জ্যেষ্ঠ কমান্ডার ও লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে যোগ দেন তিনি। নিজের পেশাগত বিবরণীতে উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে ‘নিরাপত্তার প্রতি গভীর মনোযোগ’ দেওয়ার কথা উল্লেখ করেছেন স্মিথ।

ককপিটে গুরুতর আহত হওয়ার পরও উড়োজাহাজ ও যাত্রীদের নিরাপদে রাখার ঘটনায় স্মিথকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নেতানিয়াহু তাঁর পোস্টে লেখেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও তিনি (স্মিথ) লড়াই করেছেন। হামলাকারীকে প্রতিহত করেছেন। ককপিটের দরজা খুলে দিয়েছেন। এতে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করতে পেরেছেন। ফলে মাঝ আকাশে বড় বিপর্যয় এড়ানো গেছে। ’

ঘটনার পর ক্যাপ্টেন স্মিথ সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, স্মিথের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ‘আমরা তাঁর (স্মিথের) পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও তাঁর স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত যোগাযোগ করা হবে। তাঁর সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘ভয়াবহ বিপদের মুখে এবং গুরুতর আহত অবস্থায় তিনি (স্মিথ) অসীম সাহস ও অন্যদের জীবন রক্ষায় দৃঢ় সংকল্প দেখিয়েছেন। তাঁর সাহস শত শত মানুষের জীবন রক্ষা করেছে। বড় একটি বিপর্যয় এড়াতে সহায়তা করেছে।’

এদিকে ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটির যাত্রীদের সৌদি আরব থেকে ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ক্যাপ্টেন স্মিথের পরিবার ভারতের মুম্বাইয়ের ঘাটকপার ইস্ট এলাকায় বসবাস করে। স্থানীয় জনপ্রতিনিধি পরাগ শাহ টেলিফোনে জানান, ঘটনার খবর পেয়ে স্মিথের মা-বাবা বৃহস্পতিবার ভোরেই সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।

 

৩ অক্টোবর ২০২৬

এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:০১ এম
এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

১. কংগ্রেসে সরকারের দুই আবাসন ডিক্রি বাতিল

স্পেনের কংগ্রেস শুক্রবার সরকারের আনা দুটি আবাসন ডিক্রি বাতিল করেছে। এর ফলে ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের উচ্ছেদ ঠেকানো, ভাড়ার চুক্তি বাড়ানো, ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে নতুন সীমা এবং মৌসুমি ও কক্ষভিত্তিক ভাড়ার ওপর প্রস্তাবিত কিছু বিধান কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। কংগ্রেসের সিদ্ধান্তটি ২ অক্টোবর সরকারি গেজেটেও প্রকাশিত হয়েছে।
| তথ্যসূত্র: El País, BOE.

 

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২. আবাসন ডিক্রি বাতিলের পর আগাম নির্বাচন নিয়ে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা

আবাসন-সংক্রান্ত দুই ডিক্রি কংগ্রেসে বাতিল হওয়ার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের সরকারের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমে আগাম নির্বাচন নিয়ে আলোচনা শুরু হলেও ২ অক্টোবর রাত পর্যন্ত সরকার কোনো আগাম নির্বাচন ঘোষণা করেনি।
| তথ্যসূত্র: Reuters, AP.

৩. সেপ্টেম্বরে সামাজিক নিরাপত্তায় রেকর্ড ৯২,৩২৭ নতুন কর্মী

সেপ্টেম্বরে স্পেনে সামাজিক নিরাপত্তায় গড়ে ৯২ হাজার ৩২৭ জন নতুন কর্মী যুক্ত হয়েছেন। সেপ্টেম্বর মাসের হিসাবে এটি সর্বোচ্চ বৃদ্ধি। একই সময়ে বিদেশি কর্মীর সংখ্যা প্রথমবার গড়ে ৩৬ লাখ ছাড়িয়েছে এবং মোট বিদেশি নিবন্ধিত কর্মীর সংখ্যা হয়েছে ৩৬ লাখ ৩৫ হাজার ৯৭৯।
| তথ্যসূত্র: Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones.

৪. বাড়ির দাম বছরে প্রায় ১২ শতাংশ বেড়েছে

স্পেনে ব্যবহৃত বাড়ির দাম ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৮ শতাংশ বেড়েছে। বাড়ির দামের এই ঊর্ধ্বগতি দেশটির আবাসন সংকট নিয়ে চলমান আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
| তথ্যসূত্র: Reuters.

৫. ভূমধ্যসাগরীয় স্পেনে ভারী বৃষ্টি ও দুর্যোগের সতর্কতা

স্পেনের পূর্ব ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাব অব্যাহত রয়েছে। কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া ও আশপাশের এলাকায় অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় সতর্কতা ও জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।
| তথ্যসূত্র: AEMET, Cadena SER.

৬. বিশেষ নিয়মিতকরণে ৪ লাখ ২১ হাজারের বেশি বিদেশি সামাজিক নিরাপত্তায় যুক্ত

৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ নিয়মিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে স্পেনে ৪ লাখ ২১ হাজার ৩০৬ জন বিদেশি সামাজিক নিরাপত্তায় নিবন্ধিত হয়েছেন। আগস্টের শেষ দিনের তুলনায় এক মাসে এই সংখ্যা বেড়েছে ৮৩ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২৫৬ জন সাধারণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় এবং ২২ হাজার ৬৮১ জন স্বনিযুক্ত কর্মী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
| তথ্যসূত্র: Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones.

৭. নিয়মিতকরণের মাধ্যমে নিবন্ধিতদের মধ্যে কলম্বিয়া ও ভেনেজুয়েলার নাগরিক সবচেয়ে বেশি

বিশেষ নিয়মিতকরণের মাধ্যমে সামাজিক নিরাপত্তায় নিবন্ধিত ৪ লাখ ২১ হাজার ৩০৬ জনের মধ্যে কলম্বিয়ার নাগরিক ১ লাখ ১৮ হাজার ৪৮৫ জন এবং ভেনেজুয়েলার নাগরিক ৭১ হাজার ৯৯৯ জন। এই দুই দেশের নাগরিক মিলে মোট সংখ্যার প্রায় অর্ধেক।
| তথ্যসূত্র: Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones.

৮. স্পেনে বিদেশি কর্মীর সংখ্যা প্রথমবার ৩৬ লাখ ছাড়িয়েছে

সেপ্টেম্বরে স্পেনে সামাজিক নিরাপত্তায় নিবন্ধিত বিদেশি কর্মীর গড় সংখ্যা প্রথমবার ৩৬ লাখ ছাড়িয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৩৫ হাজার ৯৭৯ জন, যা দেশের মোট নিবন্ধিত কর্মীর ১৬.২ শতাংশ।
| তথ্যসূত্র: Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones.

৯. কাতালোনিয়ায় কর্মীর সংখ্যা আবার ৪০ লাখ ছাড়িয়েছে

সেপ্টেম্বরে কাতালোনিয়ায় সামাজিক নিরাপত্তায় নিবন্ধিত কর্মীর সংখ্যা ৩৮ হাজার ১৪ জন বেড়ে ৪০ লাখ ৩ হাজারের বেশি হয়েছে। কাতালোনিয়ার শ্রমবাজারে এই বৃদ্ধির পেছনে বিশেষ নিয়মিতকরণ প্রক্রিয়ার প্রভাবও রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
| তথ্যসূত্র: ARA, Generalitat de Catalunya.

বার্সেলোনা:

১০. গ্রাসিয়ায় আবর্জনা সংগ্রহকারী ট্রাকের ধাক্কায় ৭৬ বছরের নারী নিহত

বার্সেলোনার গ্রাসিয়া এলাকায় ভিয়া অগুস্তায় বৃহস্পতিবার রাতে একটি আবর্জনা সংগ্রহকারী ট্রাকের ধাক্কায় ৭৬ বছরের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে ঘটে। চলতি বছরে বার্সেলোনায় সড়ক দুর্ঘটনায় এটি ১৪তম প্রাণহানি।
| তথ্যসূত্র: Ajuntament de Barcelona, Europa Press.

 

১১. তেরাসায় দুই গার্দিয়া সিভিল কর্মকর্তাকে গুলি, তিন সন্দেহভাজন গ্রেপ্তার

বার্সেলোনার তেরাসায় বৃহস্পতিবার রাতে দুই গার্দিয়া সিভিল কর্মকর্তাকে গুলি করার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মোসোস দেস্কুয়াদ্রা। কর্মকর্তারা সাদাপোশাকে একটি অপরাধী চক্রের গতিবিধি অনুসরণ করছিলেন বলে তদন্ত সূত্র জানিয়েছে। গুলিতে একজন কর্মকর্তা গুরুতর এবং অন্যজন অপেক্ষাকৃত কম আহত হন; দুজনই প্রাণশঙ্কামুক্ত।
| তথ্যসূত্র: Cadena SER, Guardia Civil.

১২. বার্সেলোনায় আবাসন আন্দোলনের বিক্ষোভ অব্যাহত

কংগ্রেসে সরকারের আবাসন ডিক্রি বাতিলের পর বার্সেলোনাতেও আবাসন আন্দোলনের কর্মসূচি অব্যাহত রয়েছে। এর আগে প্লাজা কাতালুনিয়ায় অবস্থান কর্মসূচিতে প্রায় একশ মানুষ অংশ নিয়েছিলেন।
| তথ্যসূত্র: Cadena SER, RTVE.

১৩. সপ্তাহান্তের বৃষ্টির জন্য বার্সেলোনায় বন্যা সতর্কতা

সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে বার্সেলোনা সিটি কাউন্সিল বন্যা মোকাবিলার জরুরি পরিকল্পনার সতর্কতা সক্রিয় করেছে। বাসিন্দাদের বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং আবহাওয়া ও জরুরি পরিষেবার নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
| তথ্যসূত্র: Ajuntament de Barcelona, AEMET.

মাদ্রিদ:

১৪. আবাসন ডিক্রি বাতিলের পরও পুয়ের্তা দেল সলে অবস্থান অব্যাহত

সরকারের আবাসন ডিক্রি কংগ্রেসে বাতিল হওয়ার পরও মাদ্রিদের পুয়ের্তা দেল সলে আবাসন আন্দোলনের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা আবাসন ব্যয় কমানো, উচ্ছেদ বন্ধ এবং ভাড়াটিয়াদের সুরক্ষার দাবি জানিয়ে সেখানে অবস্থান করছেন।
| তথ্যসূত্র: El País, Reuters.

১৫. সল থেকে কংগ্রেসের দিকে মিছিল

শুক্রবার পুয়ের্তা দেল সলে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের একটি অংশ কংগ্রেস ভবনের দিকে মিছিল করে। সেখানে সরকারের আবাসন ডিক্রি অনুমোদনের দাবি জানানো হয়। ভোটের পর আন্দোলনকারীরা আবার সলে ফিরে গিয়ে অবস্থান অব্যাহত রাখেন।
| তথ্যসূত্র: RTVE, El País.

১৬. শনিবার মাদ্রিদে আবাসন নিয়ে বড় বিক্ষোভের ডাক

শনিবার ৩ অক্টোবর মাদ্রিদে আবাসন সংকট নিয়ে একাধিক স্থান থেকে মিছিল বের হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী প্লাজা দে এসপানিয়া, আতচা, হাসপাতাল দে লা প্রিন্সেসা এবং আরও একটি স্থান থেকে মিছিল শুরু হয়ে সিবেলেস এলাকায় মিলিত হবে।
| তথ্যসূত্র: Los40.

১৭. সলে অবস্থান কর্মসূচি নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা

পুয়ের্তা দেল সলের অবস্থান কর্মসূচি সরানো হবে কি না, সে বিষয়ে মাদ্রিদের উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষা চলছে। এর মধ্যে আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
| তথ্যসূত্র: El País, Reuters.

ঋণ পরিশোধের টাকা জোগাড় করতে না পেরে বিষপানে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:০১ এম
ঋণ পরিশোধের টাকা জোগাড় করতে না পেরে বিষপানে যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে কীটনাশক পান করে জাহিদুল খান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে তার পরিবার।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ওই এলাকার মো. হুমায়ূন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সবার অজান্তে জাহিদুল কীটনাশক পান করেন। পরে বাড়ির পেছনে ধানক্ষেতের আইলে গিয়ে ছটফট করতে থাকেন। এ সময় প্রতিবেশী জামেলা খাতুন তাকে দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল দীর্ঘদিন ধরে নিয়মিত কাজকর্ম করতেন না। তিনি স্থানীয় ব্যক্তি ও একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুনরায় স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন। তবে ঋণ না পেয়ে বাড়িতে ফিরে আসেন। ধার করা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন। এ কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের ধারণা।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উত্তাল দিল্লি, ইন্টারনেট বন্ধ; আটক ৭০০ ছাড়াল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ পিএম
উত্তাল দিল্লি, ইন্টারনেট বন্ধ; আটক ৭০০ ছাড়াল

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং গণহারে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে যন্তর মন্তর এবং এর দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভোটার তালিকায় অনিয়ম ও গণহারে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েকটি রাজনৈতিক দলের পাশাপাশি এআইএসএ, এসএফআই, এনএসইউআইসহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভে অংশ নেন।

ভারতের বার্তা সংস্থা পিটিআই পুলিশের বরাতে জানিয়েছে, বিক্ষোভের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এর আগে গত জুলাইয়েও দিল্লির যন্তর মন্তর ও মধ্য দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজিপি) আন্দোলনের সময় ওই পদক্ষেপ নেওয়া হয়।

তিন মাসের ব্যবধানে ফের বিক্ষোভের মুখে দিল্লির একটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হলো।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক