বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করছে আইসিসি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি আগামী বৃহস্পতিবার, ১ অক্টোবর প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) যৌথ আয়োজনে সূচি প্রকাশের অনুষ্ঠান হবে। বিশ্বকাপ শুরুর ঠিক এক বছর আগে এই আয়োজন করা হচ্ছে। একই দিন থেকে টুর্নামেন্টের টিকিটের জন্য নিবন্ধনও শুরু হবে।
ক্রিকবাজের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৭ বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর। দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পরিচিত। টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ২১ নভেম্বর।
আগামী বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১০টি দলের জায়গা নিশ্চিত হওয়ার কথা রয়েছে। এই তালিকায় আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল থাকবে। বাকি চারটি দল বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নেবে। সূচি প্রকাশের সময় তাদের কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪ হিসেবে দেখানো হবে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে নামিবিয়াও বিশ্বকাপের আয়োজক দেশ। তবে আয়োজক হওয়ার পরও নামিবিয়ার মূল পর্বে খেলা এখনো নিশ্চিত হয়নি।
বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার তালিকায় রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম অবস্থানে থাকলেও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারছে। কারণ র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। দলটির বিশ্বকাপে জায়গা পেতে হলে বাছাইপর্ব উতরে আসতে হবে। আগামী বছরের শুরুতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১ অক্টোবর থেকেই বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধনের সুযোগ দেবে আইসিসি। তবে ওই দিন টিকিট বিক্রি শুরু হবে না। আগ্রহী দর্শকরা সেদিন থেকে টিকিট কেনার জন্য নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
আইসিসির পরিকল্পনা অনুযায়ী, সেমিফাইনাল ও ফাইনালের আগে ২০২৭ বিশ্বকাপকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপের নাম সুপার সিরিজ। এই পর্বে ১৪টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা তিনটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। তিন দলের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবে।
এরপর দ্বিতীয় ধাপে খেলবে ১২টি দল। তাদের দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল এবং রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্বে মোট ৩০টি ম্যাচ হবে। দুই গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা একটি দল জায়গা করে নেবে সুপার সেভেন পর্বে।
সুপার সেভেন পর্বে ২১টি রাউন্ড রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ধাপের পয়েন্ট তালিকায় শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখানে প্রথম স্থানে থাকা দল মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের। অন্য সেমিফাইনালে খেলবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল।
দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। সেই ম্যাচেই নির্ধারিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন।
















