জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আজ শপথ নেবেন খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী এক বছর জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।
শপথের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে একটি গণমাধ্যম ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি। সেখানে নতুন সভাপতি হিসেবে আগামী অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।
শপথগ্রহণ শেষে বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।












