ইয়াং ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজনে বার্সেলোনায় ওপেন কনসার্ট: গানে মাতালেন কণ্ঠশিল্পী বালাম
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। ছবি- প্রবাহ বাংলা।
৩ সেপ্টেম্বর (বুধবার) স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ওপেন কনসার্ট, বাংলাদেশি মিলনমেলা।” বার্সেলোনার বাংলাদেশি যুব সংগঠন বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন-এর উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়।
ওপেন কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে গানে গানে মধ্যরাত পর্যন্ত দর্শক মাতিয়ে রাখেন বাংলাদেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী বালাম।
স্থানীয় সময় বিকেল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত বার্সেলোনা শহরের ঐতিহাসিক ‘প্লাসা উনিভার্সিতাত’-এ অনুষ্ঠিত এই মেলায় আরও গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সংগীতশিল্পী শিথী সাহা, মানসিব (ইতালি), সান্টু (ইতালি), জিসা শ্যাম (ইতালি) এবং স্থানীয় শিল্পী সুনন্দা প্রমি, ফয়সাল ও বর্ষা।
বিকেলে কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি নূরে আমিন টোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান।
মিরন নাজমুল, সামিয়া রহমান সুইটি ও রুমাইসা সুলতানা শাওনের সাবলীল সঞ্চালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো বেরনাউসের কন্যা লাইয়া পেদ্রো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভান পেরা (কমিসিওনার দেল পাকতে দেল সিউতাত ভেইয়া), আদরিয়ানা গার্সিয়া (কনসেইয়েরা ডিসট্রিতো দে এসামপ্লে), এডুয়ার্ড ভিলাররুবি (আসেসর দে দারর্স সোশিয়াল কুলতুরা ই স্পোরটর্স), ক্রিস্টিনা কাবাইয়ের (কনসেইয়েরা ডিসট্রিতো এসামপ্লে), এমা লিচিনা (কনসেইয়েরা ডিসট্রিতো এসামপ্লে), আলবের্ট সালমেরন (কনসেইয়া মিউনিসিপাল সিউতাত ভেইয়া), মনসেররাত (এক্স ডেলিগাসিওন দে গোবিয়েরনো বার্সেলোনা), ক্রিস্টিনা তৌস বক্স (কনসেইয়েরা জুনস পর বার্সেলোনা), এরিক বেরত্রান (জুনস পর কাতালোনিয়া, প্রেসিডেন্টে ইমিগ্রাসিয়ওন), লুইস পেরেস (খেপে দেল আরেয়া দে অপেরাসিওন ইন্টারনাসিওনাল মুসস এসকোয়ার্ডস)।
সংগঠনের সভাপতি তার প্রারম্ভিক বক্তব্যে বিশেষভাবে স্মরণ করেন সহ-সভাপতি আজহারুল ইসলাম ও জামিল হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক মামুন মোল্লা ও হিমেল ওহাব, সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও রাফিকুল হক রাজন, সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল চোকদারকে। এ ছাড়া সভাপতি তার বক্তব্যে সংগঠনের সব সদস্যের নাম ঘোষণা করে মঞ্চে ডাকেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষ ধন্যবাদ জানান।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনা পৌরসভাসহ কাতালোনিয়ার প্রশাসনিক কর্মকর্তারা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের ফুল ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্পেনে মূলধারার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্পেন বাংলা প্রেসক্লাবের সম্মানে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি আফাজ জনি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেনের হাতে।
প্রথম পর্বের শেষে সন্ধ্যা সাড়ে ৮টা থেকে ওপেন কনসার্টে গান পরিবেশন শুরু হয়। এ সময় প্লাসা উনিভার্সিতাত সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশি শিশু, কিশোর ও নারীরা দেশীয় পোশাকে সেজে মেলায় অংশ নেন।
কনসার্ট মাঠ ঘিরে বিভিন্ন স্টলে ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, চটপটি, বিরিয়ানি, আচার, পান-সুপারিসহ নানা খাবারের সমাহার সাজানো হয়। বাংলাদেশি খাবারের স্বাদ নিতে বিদেশি দর্শকদেরও ভিড় লক্ষ্য করা যায়।
কনসার্ট শেষে সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় জানান—
“ইয়াং ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশি মিলনমেলা, ওপেন কনসার্টকে সফলভাবে সম্পন্ন করার কৃতিত্ব সংগঠনের নিবেদিত সদস্যদের। যারা অনুষ্ঠানকে সফল করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আর্থিক ও সার্বিক সহযোগিতা দিয়েছেন তাদের প্রতি বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন কৃতজ্ঞ। ভবিষ্যতেও প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি সমুন্নত রাখতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত থাকবে। আমরা আশা করি, সবাই ভেদাভেদ ভুলে একসাথে বাংলাদেশি হিসেবে এগিয়ে আসবেন।”
















