যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে নারকীয় হামলা, তরুণী নিহত – আহত ৩
ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ হামলায় দিয়া মনি নবনী (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা ও দুই ভাইবোনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে সামাদ মেম্বারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
আহতরা হলেন নিহত দিয়া মনির মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ছোট বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫)। তাদের মধ্যে দুইজনকে পরে উন্নত চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত আবু মুসা (৪৫)-কে আটক করা হয়েছে। তিনি ওই পরিবারের নির্মাণকাজের ঠিকাদার ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত হয়।
হাসপাতালে আহতদের নিয়ে আসা গাড়িচালক বিল্লাল হোসেন জানান, রাতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে।
এদিকে ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না বলে জানা গেছে। তিনি অসুস্থ ছোট সন্তানকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আটক আবু মুসা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।












