জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন হেফাজতের আমির
বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদীর আদর্শে বিশ্বাসী জামায়াতের সঙ্গে যারা রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে, তারাও একই আদর্শের অনুসারী। তাঁর ভাষায়, “আমার কাছে এটি কোনো নির্বাচন নয়; এটি জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’।” তিনি দাবি করেন, জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম এবং কোনোভাবেই জায়েজ নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বাবুনগরী ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা কেবল ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না; তাকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। যদি আমরা তাদের ভোট থেকে বঞ্চিত করতে ব্যর্থ হই, তাহলে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতির মুখে ফেলতে পারে।”
অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ইসলামি মূল্যবোধ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য দেন।









