কল রেকর্ড ঘিরে বিতর্ক
আমি আপনার আপু না: ইউএনও শামিমা
‘আমি আপনার আপু নই’—ইউএনওর কল রেকর্ড ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে ভাইরাল অডিও, মিশ্র প্রতিক্রিয়া
‘আপু’ সম্বোধন নিয়ে ক্ষোভ প্রকাশ করায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে রাত প্রায় ১২টার দিকে আয়োজক সংগঠনের সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।
ফোনে অনুষ্ঠান শেষ হতে দেরির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে বলেন, ‘এক্ষুনি শেষ হয়ে যাবে আপু।’ এ সময় ‘আপু’ সম্বোধন শুনে ক্ষুব্ধ হন ইউএনও।
ফোনালাপে ইউএনও পাল্টা বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’ তিনি আরও জানান, অনুমতি নিতে আসার সময় আয়োজকরা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা দিয়েছিলেন।
ইউএনওর কড়া বক্তব্যের পর আয়োজক মেহেরবান মিঠু দ্রুত দুঃখ প্রকাশ করেন এবং অনুষ্ঠান বন্ধ করার আশ্বাস দেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ সম্বোধন করার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। কেউ কেউ ইউএনওর আচরণকে অহমিকা হিসেবে আখ্যা দিয়েছেন।
রয়েল ফুটবল একাডেমির সহ-সভাপতি মেহেরবান মিঠু বলেন, ‘আমি সম্মান জানিয়ে “আপু” শব্দটি ব্যবহার করেছি। এতে কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না। তবে নির্ধারিত সময়ের চেয়ে অনুষ্ঠান দেরি হওয়ায় আমি দুঃখ প্রকাশ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, ‘অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় আমি সামান্য বিরক্ত হয়েছিলাম। “আপু” বলায় রাগ করিনি।’










