বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
ভুক্তভোগী ওই তরুণী উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। রোববার সকাল থেকে তিনি অভিযুক্ত জিসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন।
মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ এবং তার নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জিসান (২৫) নামের অভিযুক্ত ওই যুবকের বাড়িতে রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ভুক্তভোগী ১৭ বছর বয়সী ওই তরুণী। এই ঘটনায় অভিযুক্ত জিসান ও তার মা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
ভুক্তভোগী ওই তরুণী উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। রোববার সকাল থেকে তিনি অভিযুক্ত জিসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসানের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, জিসান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এক পর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় একসঙ্গে বসবাসও শুরু করেন।
তরুণীর অভিযোগ, সম্প্রতি জিসান বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে গা-ঢাকা দেন।
প্রতারণার শিকার হয়ে ওই তরুণী রোববার সকালে জিসানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তিনি জানান, জিসান তাকে বিয়ে না করা পর্যন্ত তিনি ওই বাড়ি থেকে যাবেন না এবং কোনো খাবার গ্রহণ করবেন না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান ও তার মা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাড়িতে গিয়ে তাদের কাউকেই পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”













