নিউইয়র্কে নজরুল জন্মজয়ন্তী ও নজরুল একাডেমি অব ইউএসএ’র যুগপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ১১ অক্টোবর
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল একাডেমি অব ইউএসএ’র প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আগামী ১১ অক্টোবর ২০২৫, শনিবার নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ অনুষ্ঠান। এতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, নজরুলগীতি, নৃত্য পরিবেশনা, একক ও সমবেত সংগীতসহ নানা ধরণের সাংস্কৃতিক পরিবেশনা। নজরুল একাডেমির শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরাও এতে অংশ নেবেন। এছাড়াও এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উডসাইডের কুইন্স প্যালেসে, যার ঠিকানা ৩৭-১১, ৫৭ স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭। অতিথিদের জন্য আসন সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
উত্তর আমেরিকায় বসবাসরত সকল বাংলাভাষী নজরুলপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন নজরুল একাডেমি অব ইউএসএ’র সভাপতি মোহাম্মদ কিউট জামান ও সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। আয়োজকরা জানান, অতিথিরা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন সভাপতি মোহাম্মদ কিউট জামান (ফোন: ৫১৬-৩৬৬-১৫৯৫), সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল (ফোন: ৩৪৭-২২৯-৮৪৩০) এবং সংগঠনের উপদেষ্টা ও ‘অবিস্মরণীয় নজরুল’ স্মরণিকার সম্পাদক আজিজুল হক মুন্নার (ফোন: ৩৪৭-৪৫১-৭৩০৭) সঙ্গে।











