মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইরান
মুসলিম দেশগুলোর পাশাপাশি বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবৈধ হামলা প্রতিহত করার কার্যক্রমও অব্যাহত থাকবে।
শুক্রবার (২৮ আগস্ট) ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে দেওয়া বক্তব্যে মিসর ও লেবাননের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে কথা বলেন আরাঘচি।
মিসরের প্রসঙ্গে তিনি জানান, কায়রো আগ্রহ দেখালেই ইরান দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। আরাঘচি বলেন, “আমরা মিসরের সঙ্গে ভালো সম্পর্ক চাই। যখনই মিসরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে একটি সিদ্ধান্তে পৌঁছাবে, আমরাও তা করতে প্রস্তুত আছি।”
লেবাননের বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সরকার ও সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনে তেহরান প্রস্তুত রয়েছে। তবে লেবাননের নেতৃবৃন্দের কিছু নীতির সমালোচনা করে তিনি বলেন, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি যৌক্তিকতা দেখাতে হবে। তবে কোন বিষয়ে এমন যৌক্তিকতার প্রয়োজন, তা তিনি স্পষ্ট করেননি।
এদিকে আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো নিয়েও বক্তব্য দেন আরাঘচি। তিনি বলেন, ইরান কখনো প্রতিবেশী বা মুসলিম দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়নি। বরং এসব দেশে থাকা মার্কিন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: ইয়েনি সাফেক









