শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাবারের ট্রাকে লুকিয়ে উড়োজাহাজ বদল, যা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৫৭ এম
খাবারের ট্রাকে লুকিয়ে উড়োজাহাজ বদল, যা বললেন ট্রাম্প

তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে সম্ভাব্য হত্যার হুমকির মুখে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে উড়োজাহাজ বদল করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন ক্যামেরার সামনে তাকে বিশাল ‘এয়ারফোর্স ওয়ান’-এ উঠতে দেখা গেলেও পরে গোপনে খাবারবাহী একটি ট্রাকে করে অপেক্ষাকৃত ছোট উড়োজাহাজে সরিয়ে নেওয়া হয়।

গত ৮ জুলাই তুরস্কের আঙ্কারা বিমানবন্দরে ঘটে যাওয়া এ চাঞ্চল্যকর ঘটনার খবর সম্প্রতি প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। ওহাইও থেকে ফিরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঘটনার সত্যতাও নিশ্চিত করেন ট্রাম্প।

জানা গেছে, সম্ভাব্য হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে মার্কিন সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী ট্রাম্পের নিরাপত্তায় এই বিশেষ ব্যবস্থা নেয়। পরিকল্পনা অনুযায়ী, ক্যামেরার সামনে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে ওঠানো হয়। এরপর খাবারবাহী একটি ট্রাকের আড়ালে তাকে গোপনে অন্য একটি উড়োজাহাজে নেওয়া হয়। ওই উড়োজাহাজটি ছিল তুলনামূলক ছোট সি-৩২এ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ট্রাম্পকে সরিয়ে নেওয়ার পরও মূল এয়ারফোর্স ওয়ানটি খালি রাখা হয়নি। হোয়াইট হাউসের কর্মী ও সাংবাদিকদের নিয়ে সেটি যথারীতি আকাশে উড়ে যায়। ফলে ট্রাম্পের উড়োজাহাজ বদলের বিষয়টি গোপন রাখার পাশাপাশি সম্ভাব্য হামলাকারীদের বিভ্রান্ত করার ব্যবস্থাও করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুরো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল সিক্রেট সার্ভিসের। নিরাপত্তার স্বার্থে তারা যেভাবে কাজ করতে চেয়েছে, তিনি সেটিই অনুসরণ করেছেন।

ট্রাম্প বলেন, ‘সিদ্ধান্তটি পুরোপুরি সিক্রেট সার্ভিসের হাতে থাকে। তারা যেভাবে কাজ করতে পছন্দ করে, আমি কেবল তা-ই অনুসরণ করি। তারা চেয়েছিল সমান নিরাপত্তার অন্য একটি ফ্লাইটে আমি ভ্রমণ করি, তাই আমি তা-ই করেছি। সোজা কথায়, তারা যা বলে, আমি তা-ই করি।’

তবে সম্ভাব্য হত্যার হুমকি নিয়ে নিজের মধ্যে কোনো ভয় কাজ করছে না বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি হুমকিতে ভয় পাই না। আমি হয়তো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট, আর এ কারণেই আমার কাছে এত হুমকি আসে।’

ঘটনাটির সবচেয়ে চমকপ্রদ দিক ছিল, এয়ারফোর্স ওয়ানের ভেতরে থাকা সাংবাদিকদের কেউই ট্রাম্পের উড়োজাহাজ বদলের বিষয়টি টের পাননি। নিরাপত্তা পরিকল্পনা এতটাই গোপন রাখা হয়েছিল যে, ট্রাম্পকে অন্য উড়োজাহাজে সরিয়ে নেওয়ার পরও সাংবাদিকরা আগের উড়োজাহাজেই ছিলেন।

এদিকে ইরানের বিষয়ে নিজের কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। ইরানের ওপর তার গভীর অবিশ্বাস রয়েছে জানিয়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, গত ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যে ইরান যে দাদাগিরি দেখিয়েছে, তার অবসান হয়েছে। ইরান নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তাদের ‘পুরোপুরি উড়িয়ে দেওয়া হবে’ বলেও সতর্ক করেন তিনি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক