ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ১২
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিনের’ সম্মিলিত প্রভাবে ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।
দেশটির সিভিল ডিফেন্স দপ্তরের সহকারী সচিব লরেন্স মিনা জানিয়েছেন, সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুর্যোগে অন্তত ১১ জন আহত হয়েছেন। বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে, গাছ চাপায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
জিএমএ নিউজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগে ফিলিপাইনের ৯টি অঞ্চল ও ৩৩টি প্রদেশের প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় রিজিওন ১, ৩, ক্যালাবারজোন ও মিমারোপা এলাকা থেকে ৪ হাজার ৮৬৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রবল বৃষ্টি ও বন্যার কারণে এরই মধ্যে ৩২ হাজার ৮০০ জনের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। তাদের অনেকেই বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে।
দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি









