যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ৩০০ শিশু নিহত: ইউনিসেফ
যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় শিশুদের মৃত্যুর মিছিল থামেনি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময়েও গড়ে প্রতিদিন একজন শিশু প্রাণ হারিয়েছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদ এক বিবৃতিতে বলেন, যে যুদ্ধবিরতির সময়ও প্রতিদিন গড়ে একজন শিশু নিহত হচ্ছে, সেটি শিশুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
তিনি জানান, এই সময়ে ইসরায়েলি হামলায় আরও শত শত শিশু আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর। গাজার শিশুরা এখনো এমন সহিংসতার অবসানের অপেক্ষায় রয়েছে, যার সমাপ্তির প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল।
ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, গাজার বিভিন্ন এলাকায় শিশুরা এখনো ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। তাদের তীব্র অপুষ্টি, নানা রোগব্যাধি, অনিরাপদ পানির সংকট এবং ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
সংস্থাটি বলছে, যুদ্ধবিরতি সত্ত্বেও শিশুদের জন্য নিরাপদ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। সহিংসতার পাশাপাশি খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবার সংকটও তাদের জীবনকে ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে।
সূত্র: মিডল ইস্ট আই









