গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু, মরদেহ মর্গে প্রেরণ
মানিকগঞ্জের ঘিওরে গলায় ফাঁস দিয়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোসনা বেগম ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ বসতঘরের পেছনে একটি আমগাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জোসনা বেগমকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, জোসনা বেগম গত ৪-৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক ধারণামতে মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর অন্য কোনো নেপথ্য কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
ঘিওর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।












