শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম
ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প

ইরানে চলমান সামরিক তৎপরতার ব্যয় নির্বাহের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের এক বিশাল বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে। বুধবার হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব মার্কিন কংগ্রেসে জমা দেয়।

প্রস্তাবিত এই অর্থের সিংহভাগই মার্কিন প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৬৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার সরাসরি সামরিক কার্যক্রম পরিচালনা, মোতায়েনকৃত সেনাদের লজিস্টিকস সহায়তা, অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন এবং বিভিন্ন গোপনীয় নিরাপত্তা কর্মসূচিতে ব্যবহার করা হবে। এর পাশাপাশি নতুন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তির গোলাবারুদ সংগ্রহ এবং সামগ্রিক প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়াতে আরও ২১ বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে।

তবে হোয়াইট হাউসের এই বাজেট প্রস্তাব প্রকাশের পর পরই মার্কিন কংগ্রেসে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টিরও কয়েকজন প্রভাবশালী সদস্য এই যুদ্ধ ব্যয়ের যৌক্তিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি মার্কিন সিনেটে গৃহীত একটি দ্বিপাক্ষিক প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানসংক্রান্ত সব ধরনের সামরিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। এর আগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব বিপুল ভোটে অনুমোদিত হয়েছিল।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আইনপ্রণেতাদের একাংশের গুরুতর অভিযোগ, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি, সম্ভাব্য ভূরাজনৈতিক ঝুঁকি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে প্রশাসন পর্যাপ্ত ও স্বচ্ছ তথ্য দিচ্ছে না। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধসংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ বা দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে কংগ্রেসের অনুমোদন ও ভূমিকা অপরিহার্য হলেও ট্রাম্প প্রশাসন সেই আইনি প্রক্রিয়াকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

এদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই যুদ্ধ বাজেটের বিষয়টি মার্কিন রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত হওয়ায় ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া অতিরিক্ত যুদ্ধ ব্যয়ের এই অনুমোদন পাওয়া ট্রাম্পের জন্য সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মার্কিন জনমতের একটি বড় অংশও এই মুহূর্তে নতুন কোনো যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচের তীব্র বিরোধিতা করছে।

ডেমোক্র্যাট নেতারা দাবি করেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও নিত্যপণ্যের বাজারে নতুন করে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তাঁদের মতে, সাধারণ মার্কিন নাগরিকদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি মোকাবিলার পরিবর্তে ট্রাম্প প্রশাসন অপ্রয়োজনীয় যুদ্ধ ব্যয়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

অবশ্য এই অতিরিক্ত বাজেট প্রস্তাবে কেবল সামরিক খাতই নয়, এর বাইরেও বেশ কয়েকটি বেসামরিক খাতে অর্থ বরাদ্দের আবেদন জানানো হয়েছে। যেমন আফ্রিকায় ইবোলা মহামারি মোকাবিলায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার, মার্কিন কৃষি খাতে বিশেষ সহায়তার জন্য ১১ দশমিক ১ বিলিয়ন ডলার এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্যও পৃথক বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে নিউইয়র্কের ঐতিহাসিক পেন স্টেশন পুনর্নির্মাণ এবং ওয়াশিংটন ডিসি এলাকার কিছু জরুরি সরকারি নির্মাণ প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে পুরো প্রস্তাবটি পাস করতে হলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সবুজ সংকেত পাওয়া বাধ্যতামূলক। ফলে আগামী কয়েক সপ্তাহে যুদ্ধ ব্যয় এবং ট্রাম্পের সামগ্রিক বাজেট পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক আলোচনা, লবিং ও বিতর্ক অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক