রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ইউরোপের ‘সবচেয়ে গোপন’ দ্বীপে কী আছে, যা পর্যটকদের টানছে?

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:১৫ এম
ইউরোপের ‘সবচেয়ে গোপন’ দ্বীপে কী আছে, যা পর্যটকদের টানছে?

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে নির্জন ও কম পরিচিত দ্বীপ এল হিয়েরো ধীরে ধীরে ইউরোপের অন্যতম আকর্ষণীয় গোপন পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে। বড় বড় রিসোর্ট, পর্যটকদের ভিড় কিংবা ব্যস্ত নগরজীবনের ছাপ না থাকলেও প্রকৃতি, ইতিহাস ও পরিবেশবান্ধব জীবনযাত্রার কারণে দ্বীপটি ভ্রমণপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আটলান্টিক মহাসাগরে অবস্থিত এল হিয়েরোতে পৌঁছাতে হলে টেনেরিফে থেকে ফেরিতে প্রায় আড়াই ঘণ্টার সমুদ্রযাত্রা করতে হয়। একসময় এটিকেই পরিচিত বিশ্বের পশ্চিমতম সীমান্ত মনে করা হতো। এমনকি আমেরিকা অভিযানে বের হওয়ার আগে ক্রিস্টোফার কলম্বাসও এই দ্বীপকে ইউরোপের শেষ ভূমি হিসেবে দেখেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

মাত্র ১০০ বর্গমাইল আয়তনের দ্বীপটিতে বাস করেন প্রায় ১২ হাজার মানুষ। এখানে নেই বড় শহরের কোলাহল, এমনকি পুরো দ্বীপে রয়েছে মাত্র একটি ট্রাফিক সিগন্যাল। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্কও দুর্বল, যা আধুনিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি খুঁজতে আসা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

‘এক হাজার আগ্নেয়গিরির দ্বীপ’ নামে পরিচিত এল হিয়েরোতে রয়েছে শত শত আগ্নেয়গিরির গহ্বর, লাভার প্রবাহের চিহ্ন, সবুজ বনভূমি, খাড়া আগ্নেয় শিলা ও নীল সমুদ্রের অনন্য সমন্বয়। দ্বীপটির বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন জলবায়ু ও ভূপ্রকৃতি দেখা যায়, যা একে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।

কৃষি ও মদ উৎপাদনও দ্বীপটির অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বিরল ও প্রাচীন আঙুরের জাত সংরক্ষণের জন্য এল হিয়েরো বিশেষভাবে পরিচিত। ইউরোপের বহু অঞ্চলে আঙুরখেত ধ্বংসকারী রোগের প্রভাব পড়লেও এই দ্বীপের আঙুরখেত সেই বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল।

সামুদ্রিক সৌন্দর্যের ক্ষেত্রেও এল হিয়েরো অনন্য। দক্ষিণাঞ্চলের লা রেস্তিঙ্গা এলাকা এবং ‘মার দে লাস কালমাস’ সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল ইউরোপের অন্যতম সেরা ডাইভিং গন্তব্য হিসেবে পরিচিত। স্বচ্ছ পানি, আগ্নেয়গিরির নিচের গঠন ও সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য ডুবুরিদের কাছে এটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।

দ্বীপটির সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে উল্লেখযোগ্য ‘সিলবো এরেনিও’ নামের শিসভিত্তিক ভাষা। একসময় দূরত্বে যোগাযোগের জন্য ব্যবহৃত এই ভাষা এখন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণেও এল হিয়েরো বিশ্বের নজর কেড়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে পরিচালিত ‘গোরোনা দেল ভিয়েন্তো’ প্রকল্প দ্বীপটির বিদ্যুতের বড় অংশ সরবরাহ করে। পরিবেশবান্ধব উন্নয়ন ও টেকসই পর্যটনের কারণে এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

স্থানীয়দের মতে, এল হিয়েরোর আসল আকর্ষণ কোনো বিলাসবহুল অবকাঠামো নয়; বরং শান্ত, ধীর ও প্রকৃতিনির্ভর জীবনযাপন। সেই স্বকীয়তাই আজ দ্বীপটিকে ইউরোপের অন্যতম ব্যতিক্রমী ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক