তিস্তা টোল প্লাজায় ২ কোটি টাকার ডলারসহ যুবক আটক
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের বিশেষ তল্লাশিতে প্রায় ২ কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টার দিকে সদর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
আটক যুবকের নাম মো. লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে যানবাহনে তল্লাশিকালে একটি অটোরিকশা থামানো হয়। অটোরিকশার যাত্রী লিখনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে নামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আমেরিকান ডলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লিখনের কাছ থেকে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলারের বাংলাদেশী বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে তিনি এই অর্থ কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন।
আটককৃতের বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।








