মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ কিশোর
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) উপজেলার তিল্লি বিলপাড়া ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
নিহতরা হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম, সোনা মিয়া ও কালু মিয়া। তাদের সবার বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে ওই তিন কিশোর আরোহী ছিলেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই কিশোর সোনা মিয়া ও কালুকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








