তালাবদ্ধ ঘরে মিলল গার্মেন্টসকর্মীর মুখ ও পা বাঁধা গলাকাটা মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীর মুখ ও পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) রাত পৌনে ১২টার দিকে পূর্ব নিমাইকাশারী মামা ভাগিনার গলির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বর্ষা আক্তার মামা ভাগিনার গলির মুহিদুল ইসলামের বাসার ভাড়াটিয়া। তিনি বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।
নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, দুইদিন আগে মেয়ে সঙ্গে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পায়। তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা বোনকে খবর দেন। পরে তারা থানায় খবর দিলে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তারা আরও জানান, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বর্ষাকে বিয়ে করেন মামুন। তবে প্রথম স্ত্রীর সঙ্গে মামুনের সম্পর্ক ছিল। এ নিয়ে দেড় মাস আগে তাদের দুজনের মধ্যে ঝগড়া হলে বর্ষার কাছে আর আসেনি মামুন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন খালাসি জানান, তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িত আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।








