এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন
দেশে গত এপ্রিল মাসে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। একই সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত এবং ৩৪টি রেল দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
বুধবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান সংবাদমাধ্যমে পাঠানো প্রতিবেদনে জানান, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১১৩ জন, বাসের যাত্রী ৩০ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৫১ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসের ২৪ জন এবং থ্রি-হুইলার যাত্রী ৬১ জন। এছাড়া স্থানীয়ভাবে তৈরি যানবাহনের ১০ জন এবং রিকশা ও বাইসাইকেল আরোহী ১৩ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় সম্পৃক্ত মোট যানবাহনের সংখ্যা ৬৫৯টি। এর মধ্যে মোটরসাইকেল ১৫৩টি, বাস ৮৪টি, ট্রাক ৯১টি এবং থ্রি-হুইলার ১১২টি উল্লেখযোগ্য।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও অসুস্থতা, অনিয়মিত কর্মঘণ্টা, ট্রাফিক আইন না মানা, দুর্বল ব্যবস্থাপনা এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।
এ পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু সুপারিশ করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে— জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাঠামোগত সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি বাধ্যতামূলক করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ, দক্ষ চালক তৈরি এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানো।
বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।











