ই-ট্রাফিক
ট্রাফিক আইন ভাঙলে অটোনোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা
ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা সিসি ক্যামেরায় ধারণ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধ বা হাজিরা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক বিভাগ সিসি ক্যামেরার ভিডিও ও স্থিরচিত্র ব্যবহার করে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ সফটওয়্যারের মাধ্যমে যানবাহনের মালিক বা চালকের ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে স্বয়ংক্রিয় নোটিশ পাঠাচ্ছে। মূলত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো অপরাধের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।ডিএমপি জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যালগুলোতে স্থাপিত উন্নত সিসি ক্যামেরা এবং এআই প্রযুক্তির মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং লেফট লেন ব্লক করার মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মামলা দেওয়া হচ্ছে।
নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজিরা না দিলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
এছাড়া, ডিএমপি সতর্ক করে জানিয়েছে—সিসি ক্যামেরাভিত্তিক মামলার জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত তথ্য বা নগদ অর্থ লেনদেন না করতে। কেউ প্রতারণার উদ্দেশ্যে অর্থ দাবি করলে দ্রুত নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।











