নেতানিয়াহুকে সরাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী
অক্টোবর মাসে ইসরায়েলে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধীরা। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জনানো হয়। এতে বলা হয়, টুগেদার নামে নতুন একটি দল গঠন করতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। তেল আবিবকে এখন তার চলার পথ পরিবর্তন করতে হবে বলে মত তাদের।
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নেতানিয়াহু। ২০২২ সালের নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করেন তিনি। ফিলিস্তিনের গাজায় ভয়াবহ যুদ্ধ চালিয়েছেন নেতানিয়াহু। এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এবং দুই দফায় ইরান যুদ্ধেও ইসরায়েলকে জড়িয়েছেন তিনি।
তেল আবিবের বিভিন্ন জনমত জরিপ বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর তথাকথিত নিরাপত্তা রক্ষার ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে।






