এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় লোমহর্ষক তথ্য
ধামরাই-এ এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার (১৬) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অনলাইন জুয়ার আসক্তি থেকে টাকার চাপ সামলাতে না পেরে গহনা লুটের উদ্দেশ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
শনিবার (২৫ এপ্রিল) ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান এ তথ্য জানান। এ ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে নাহিদার নানী বাইরে গেলে সুযোগ নেয় অভিযুক্ত ব্যক্তি। পূর্বপরিচিত হওয়ায় দরজা খুলে দেন নাহিদা। পরে তিনি টাকার দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তাকে আক্রমণ করা হয়।
অভিযুক্ত ব্যক্তি প্রথমে ওড়না পেঁচিয়ে নাহিদার গলা চেপে ধরেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা ও বুকে আঘাত করেন। মৃত্যু নিশ্চিত করতে মসলা পেষার পাথর দিয়ে মাথায় আঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হত্যার পর নাহিদার কানের দুল, গলার চেইন ও আংটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এসব গহনার আনুমানিক মূল্য দেড় লাখ টাকার বেশি।
পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং এতে তিনি ঋণের চাপে পড়েন। টাকার জোগান দিতে গিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান।
পুলিশ কর্মকর্তা মো. নাজমুল হুদা খান বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। সহজলভ্যতার কারণে তরুণদের মধ্যে এ ধরনের আসক্তি বাড়ছে, যা অপরাধ প্রবণতা বাড়াতে ভূমিকা রাখছে।








