ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি মানবিক সহায়তা হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
জরুরি চিকিৎসা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য এক কোটি টাকা অনুদান প্রদান করা হয়। এই অনুদান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংকটকালীন সময়ে ইরানের আহত ও ক্ষতিগ্রস্ত মানুষ চিকিৎসা সহায়তা পেতে পারে।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাসী।
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি এই সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংকটের এই সময়ে বাংলাদেশের মানবিক সহায়তা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বলেন, বিশ্বজুড়ে মানবিক সংকটে রেড ক্রিসেন্ট নিরপেক্ষভাবে কাজ করে আসছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ বলেও তিনি উল্লেখ করেন।











