সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওর ও ছনডোবা হাওরের জলাবদ্ধতাকে কেন্দ্র করে ফসলরক্ষা বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এই আদেশ জারি করেন।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, সদর উপজেলার মোহনপুর ও কাঠইর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কাছে অবস্থিত ডাকুয়ার ও ছনডোবা হাওরের জলাবদ্ধতা নিয়ে বিরোধের জেরে যেকোন সময় সংঘর্ষ, মারামারি এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে জনশৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জারি করা ১৪৪ ধারার আওতায় ছনডোবা বাঁধ সংলগ্ন এলাকায় পাঁচজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








